
নিউইয়র্কের দিকে এগিয়ে আসছে আরেকটি প্রবল শক্তির হারিকেন ‘জোস’। চলতি সপ্তাহেই এ হারিকেনটি নিউ জার্সি ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের উপকূলে আঘাত হানতে পারে বলে দেশটির ‘ন্যাশনাল হারিকেন সেন্টার অ্যাডভাইজরি’ দফতরের সূত্র অনুযায়ী জানিয়েছে সিএনএন।
এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের কথায়, আটলান্টিকে কেপ ভার্দে এলাকার ৫৫০ মাইল দূরে রয়েছে ঘূর্ণিঝড় জোস। এখন প্রতি ঘণ্টায় ৭০ মাইল গতিবেগ রয়েছে এই হারিকেনের। তবে প্রতিমুহূর্তে এর শক্তি বাড়ছে। আগামী বুধবার এটি নিউ জার্সি ও নিউইয়র্কের উপকূলে পৌঁছবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের (এনএইচসি) আবহাওয়াবিদদের সূত্র অনুযায়ী সিএনএন আরও জানায়, জোস শক্তিশালী হারিকেন হলেও এর প্রভাব উপকূলে খুব বেশি পড়বে না বলে ধারণা করা হচ্ছে। কারণ, আবহাওয়ার প্রভাবে প্রচুর বৃষ্টি ঝরাচ্ছে জোস। আর এ কারণেই উপকূলে পৌঁছানোর আগেই দুর্বল হয়ে পড়বে এই হারিকেন।
তবু এই ঝড় আসার আগেই ব্যাপক সাবধানতা নিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দফতর।