May 16, 2019 | 12:00 PM

৮০ হেক্টর জমিতে বনসৃজনের অভিনব উদ্যোগ দক্ষিণ দিনাজপুরে

নগর জীবনের প্রসার যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে কাটা হচ্ছে প্রচুর গাছ। এখন দক্ষিণ দিনাজপুর জেলায় বনাঞ্চল রয়েছে মাত্র ১৫ শতাংশ এলাকায়। এদিকে ক্রমেই বাড়ছে গরম, প্রকট হচ্ছে পরিবেশ দূষণও। ইন্টারনেটে পরিবেশপ্রেমীরা তাই জেলায় আরও বেশি গাছ লাগানোর ডাক দেন। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে বনদপ্তর ঠিক করেছে, দক্ষিণ দিনাজপুরের ৮০ হেক্টর জমিতে এবারের বর্ষাকালে গাছ লাগানো হবে।

সমস্ত জেলাতে গাছের সংখ্যা আরও বাড়ানোর জন্য সোশ্যাল সাইটে তৈরি হয়েছে গাছ-যোদ্ধা গ্রুপ। মানুষ যাতে নিজের জন্মদিনে অন্তত একটা করে গাছ লাগান, পরিচিতদের কাছে এই আবেদন তাঁরা রেখেছেন। বনদপ্তরের পক্ষ থেকে ঠিক হয়েছে, প্রতি হেক্টর জমিতে গাছ লাগানো হবে ৫০০টি করে। নদীর ধার, রাস্তার পাশে ফাঁকা জায়গা, মাঠ – যেখানেই সুযোগ পাওয়া যাবে, বসানো হবে গাছের চারা। পুরোনো গাছ বাঁচানোর দিকেও নজর দেওয়া হবে।