August 31, 2017 | 12:00 PM

আধার বাধ্যতামূলক করার সময়সীমা বাড়ল

আধার বাধ্যতামূলক করার সময়সীমা বাড়াল কেন্দ্র। ৩০ সেপ্টেম্বর ছিল  সময়সীমা। বুধবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, বিভিন্ন সামাজিক সরকারি সুবিধা পেতে এই সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

আধার কার্ড সংযুক্তিকরণ সব ক্ষেত্রে যেভাবে করা হচ্ছে তাতে নাগরিকদের গোপনীয়তা ক্ষুন্ন হচ্ছে বলে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। যার ফলে নাগরিকদের গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসাবে সিলমোহর দিয়ে রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। এমনকী আধার কার্ড সংক্রান্ত মামলা এগিয়ে আনার কথাও বলা হয়। সেই শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল শীর্ষ আদালতকে জানান, সামাজিক সরকারি সুবিধা বাধ্যতামূলক আধার কার্ড ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে অনুরোধ করেছেন, যাতে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের পরিবর্তে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত করা হয়।