
কিছুদিন আগে হিন্দু মতে বিয়ে করেছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। মাথায় সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র পরে সংসদে হাজির হয়ে সমাজের বিভিন্ন অংশের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এরপরেই কট্টরপন্থীদের রোষের মুখে পড়ে তাঁর এই হিন্দু বধূর সাজ। এক ইমাম ফতোয়া জারি করে জানান, মুসলিম হয়ে সিঁদুর পরার অধিকার নেই নুসরতের।
অবশ্য কট্টরপন্থীদের ফতোয়াকে আমল না দিয়ে নুসরত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে যাওয়ার ইচ্ছে নেই তাঁর। তিনি মুসলিমই থাকছেন, কিন্তু সব ধর্মকেই সম্মান করতে চান। তাঁর এই দৃঢ অবস্থানকে সমর্থন জানিয়েছেন সচেতন নাগরিকরা।
অভিনেত্রী তথা সাংসদের এই মনোভাবকেই এবার স্বীকৃতি দিতে এগিয়ে এল ইসকন। নুসরতকে তাঁরা রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আর নুসরতও টুইট করে সেই আমন্ত্রণ স্বীকার করেছেন। অবশ্য এর আগেও ইসকনের রথযাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। আগামী ৪ জুলাই বৃহস্পতিবার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের দড়ি টেনে ইসকনের রথযাত্রা উৎসবের শুভারম্ভ করবেন।