July 17, 2019 | 12:00 PM

সাদাকালো পর্দায় ভিন্ন ধরনের অভিনয়ে নজর কেড়েছিলেন স্বরূপ দত্ত

৬০ ও ৭০ দশকের বাংলা ছবিতে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন স্বরূপ দত্ত। শক্তিশালী অভিনেতা হিসেবে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। দীর্ঘ অসুস্থতার পর আজ ভোররাতে স্বরূপ দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

স্কুলে পড়াকালীন উৎপল দত্তের নাটকের দলে নিজের অভিনয়জীবন শুরু করেছিলেন। ১৯৬৮ সালে তপন সিংহের ‘আপনজন’ ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল। এছাড়া ‘পিতাপুত্র’, ‘মা ও মেয়ে’, ‘হারমোনিয়াম’, ‘এখনই’, ‘সাগিনা মাহাতো’, ‘অন্ধ অতীত’, ‘স্বর্ণ শিখর প্রাঙ্গণে’ ছবিতে অনবদ্য কাজের জন্যও অমর হয়ে থাকবেন তিনি। সুদর্শক নায়ক হিসেবে তো বটেই, ভিন্ন ধরনের অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন স্বরূপ দত্ত। ‘উপহার’ ছবিতে অভিনয় করে বাংলার বাইরেও প্রশংসিত হয়েছেন। 

বহুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্বরূপ দত্ত। নিজের বাড়িতে জ্ঞান হারিয়ে পড়ে যাওয়াতে গত শনিবার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই আজ তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সিনেপাড়া। 

Developed by DXDasia