September 19, 2017 | 12:00 PM

‘নিরাপত্তার জন্য হুমকি’ – রোহিঙ্গাদের সম্পর্কে মত কেন্দ্রের

বিবিসি সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার ভারতে বসবাসকারী চল্লিশ হাজারের মতো রোহিঙ্গা শরণার্থীকে ‘নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি’ হিসেবে দেখছে। তা নিয়ে সুপ্রিম কোর্টে আজ একটি হলফনামা পেশ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কিংবা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গেও এই রোহিঙ্গাদের অনেকের যোগসাজশ গড়ে উঠেছে বলে হলফনামায় দাবি করা হয়েছে।

এই রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আদালতই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সরকার জানিয়েছে। কিন্তু রোহিঙ্গাদের হয়ে যারা সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন, সেই অ্যাক্টিভিস্টরা বলছেন ভারতে আসা শরণার্থীদের সরকার আসলে ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চাইছে – আর সে কারণেই রোহিঙ্গাদের সন্দেহভাজন জঙ্গি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, “আমার মন্ত্রণালয়ের যে রিপোর্ট দেওয়ার কথা ছিল কোর্টে তা জমা পড়ে গেছে এবং তার বিষয়বস্তুও আপনারা জানেন। এখন কোর্টকেই বিষয়টির ফয়সালা করতে হবে, আর আমাদের আদালতের সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করা উচিত।”

সরকারের এই হলফনামা পেশের পর রোহিঙ্গা প্রশ্নে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩রা অক্টোবর।