November 6, 2019 | 12:00 PM

আন্তর্জাতিক মঞ্চে নিজের বানানো রোভারের কেরামতি দেখাল বর্ধমানের স্কুলপড়ুয়া

চন্দ্র অভিযানে গিয়ে হারিয়ে গিয়েছিল ল্যান্ডার বিক্রম। ফলে, তার ভিতরে থাকা প্রজ্ঞান নামের রোভারটি আর কাজ করতে পারেনি। মহাকাশ গবেষণায় রোভার খুব গুরুত্বপূর্ণ যন্ত্র। এবার রিমোট চালিত রোভার বানিয়ে বর্ধমানের এক তরুণ সবাইকে চমকে দিল।

শক্তিগড়ের বড়শুল সিডিপি হাইস্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া আবির ঘোষ। যখন সে নবম শ্রেণিতে পড়ত, তখন বিশেষ এক ধরনের হেলমেট তৈরি করে সবাইকে চমকে দিয়েছিল। হেলমেট না পরলে বাইক স্টার্ট নেবে না, এমনই ব্যবস্থা রয়েছে তাতে। মঙ্গলবার সায়েন্স সিটিতে আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের প্রদর্শনীতে সে নিয়ে এসেছিল নিজের হাতে তৈরি এক রোভার। 

এই রোভার স্বয়ংক্রিয় নয়। রিমোটের সাহায্যে এটি খানাখন্দ গর্ত অতিক্রম করে অনায়াসে চলতে পারবে। উল্টে গেলেও ফের নিজেকে সামলে সোজা হয়ে উঠবে। একটি মোবাইল রোভারের ক্যামেরার কাজ করছে। এছাড়া রয়েছে হাইড্রোলকিং সিস্টেমও। 

গতকাল হাতে কলমে এই রোভার চালিয়ে দেখাল আবির। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধনকে বুঝিয়ে দিল যন্ত্রটির কার্যপ্রণালী। এই যন্ত্রের কাজকর্ম দেখে আবিরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নানা দেশ থেকে আসা বিজ্ঞান উৎসবের প্রতিনিধিরা। 

Developed by DXDasia