
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোবেল সম্মান উঠছে আজই। অভিজিতের সঙ্গে তাঁর স্ত্রী তথা সহ-গবেষক এস্থার দুফলোও এই পুরস্কারে ভূষিত হবেন। তিনি অর্থনীতিতে সবথেকে কম বয়সী নোবেল প্রাপক, এই বিভাগের দ্বিতীয় মহিলা প্রাপকও বটে। মাইকেল ক্রেমারও আজ অর্থনীতিশাস্ত্রে গবেষণার জন্য নোবেল সম্মান পাবেন।
আজ আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এঁদের হাতে নোবেল পুরস্কার তুলে দেবেন সুইডেনের রাজা। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২.৩০ থেকে সুইডেনের রাজধানী স্টকহোমে শুরু হবে নোবেল পুরস্কারের অনুষ্ঠান। নোবেল পুরস্কারের ওয়েবসাইট থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বেশ কিছু টিভি চ্যানেল থেকেও সরাসরি দেখা যাবে এই অনুষ্ঠান। আজকের দিনটি বাংলা ও বাঙালির কাছে অত্যন্ত গর্বের।
আজ দুপুরে নোবেল পুরস্কারের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অভিজিতের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় এবং ভাই অনিরুদ্ধ। তিন নোবেলজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন, পুরস্কারের অর্থ গবেষণাতেই ব্যয় করবেন তাঁরা।