
নিষেধ সত্ত্বেও রবীন্দ্র সরোবরে জোর করে ছট পুজোর চেষ্টা। আজ শনিবার সকালে প্রাতঃভ্রমণকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করেন একদল বহিরাগত। এমনকি সরোবরের দুটি গেটের তালাও ভেঙে ফেলে তারা। রবীন্দ্র সরোবর কলকাতার বুকে একটুকরো সবুজ দ্বীপের মতো। হেমন্ত-শীত আসার সঙ্গে সঙ্গেই প্রচুর পরিযায়ী পাখি আসে এখানে। তাই পরিবেশকর্মীদের দাবি ছিল কোনোভাবেই এখানে ছট পুজো করতে দেওয়া যাবে না। সেই ভাবনা থেকেই কোর্ট রায় দিয়েছিল রবীন্দ্র সরোবরে চিরতরে নিষিদ্ধ হবে ছট এবং অন্যান্য সামাজিক-ধর্মীয় অনুষ্ঠান।
শুধুমাত্র ছট নয়, গতবার কালীপুজোয় মাত্রাতিরিক্ত বাজি ফাটানোর জন্য প্রচুর ক্ষতি হয়েছিল গাছ, জল এবং পাখিদের। ফলে পরিযায়ী পাখিরা কলকাতার সরোবর ছেড়ে চলে যায় অন্যত্র। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, জোর করে একদল যুবক রবীন্দ্র সরোবরের তিন নম্বর এবং মাদার ডেয়ারি গেটের তালা ভেঙে দেয়। ছিঁড়ে ফেলা হয় কলকাতা পুরসভার নিষেধাজ্ঞার নোটিসও। প্রাতঃভ্রমণকারীরা বাধা দেওয়ায় তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। বিকালের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হবার আশঙ্কাও করা হচ্ছে।