December 23, 2019 | 12:00 PM

আলিপুর চিড়িয়াখানায় এল চারটি ‘ঢোল’, কিন্তু এরা কারা!

শীত এলেই ভিড় বাড়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। আট থেকে আশি – সব বয়সের মানুষেরা চিড়িয়াখানা আসেন ভিন্ন প্রজাতির পশুদের দেখার জন্য। শীতের দুপুরে চিড়িয়াখানা দেখার অভিজ্ঞতা ছাড়তে চান না কেউই। এবার পশুপ্রেমীদের জন্য সুখবর দিচ্ছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দর্শকদের সামনে আনা হয়েছে চারটি বুনো কুকুর। যার নাম ‘ঢোল’। বিশাখাপত্তনমের চিড়িয়াখানা থেকে আনা হয়েছে এই প্রজাতির কুকুরগুলিকে। তাদের মধ্যে দুটি মেয়ে এবং দুটি ছেলে কুকুর।

প্রসঙ্গত, আলিপুর চিড়িয়াখানায় এই প্রথমবার বুনো কুকুর আনা হয়েছে। এরা মাংসাশী। এছাড়াও আনা হয়েছে দুটি রিঙ্গ টেইল্‌ড লেমুর এবং দুটি পেলিক্যান। রোববার প্রথমবারের জন্য প্রত্যেককে দর্শকদের জন্য সামনে আনা হল। ‘ঢোল’কে বলা হয় ‌ইন্ডিয়ান/ এশিয়ান ওয়াইল্ড ডগ। অসম, গুজরাট, কাশ্মীর এবং উত্তর–পশ্চিম প্রান্তের বনেও এই প্রজাতির কুকুর আছে। মূলত ঘন জঙ্গল এবং পার্বত্য অঞ্চলই এদের পছন্দ। প্রাণীটির সঙ্গে খুবই মিল রয়েছে শিয়ালের।