December 29, 2019 | 12:00 PM

সেজে উঠছে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসির মঞ্চ, আলিপুর সংশোধনাগারে চলছে সংরক্ষণের কাজ

নতুনভাবে সেজে উঠছে বহু ইতিহাসের সাক্ষী আলিপুর সংশোধনাগার। বর্তমানে এই জেলে কোনো বন্দি নেই। সবাইকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। ব্রিটিশ আমলে এই জেলেই ফাঁসি হয়েছিল অনন্তহরি মিত্র, প্রমোদরঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস এবং দীনেশ মজুমদারের। এই ফাঁসির মঞ্চকেই নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। ফাঁসির মঞ্চের সামনে থাকবে ফাঁসিতে শহিদ বিপ্লবীদের জীবন-বৃত্তান্ত সম্বলিত ডিসপ্লে বোর্ডও। 

এই জেলেই বন্দি ছিলেন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী। সেইসব সেলগুলিকেও সংস্কার করে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। কাজ চলছে দ্রুত গতিতে। জনসাধারণের জন্য এই ফাঁসির মঞ্চ ও স্বদেশি বিপ্লবীদের সেলগুলিকে উন্মুক্ত করে দেওয়া হবে কিনা, তা অবশ্য জানা যায়নি এখনো। তবে, অনেকেই চাইছেন স্বদেশি আন্দোলনের ইতিহাস জড়িয়ে থাকা এই সংশোধনাগারের দরজা জনসাধারণের জন্য খুলে দিক জেল কর্তৃপক্ষ। তাতে গবেষোক ও ইতিহাসের ছাত্রছাত্রীরা তো উপকৃত হবেনই, তার সঙ্গে ভারতের স্বাধীনতা বিপ্লবী ও শহিদদের সম্মানও জানাতে পারবেন সাধারণ মানুষ। এই জেলের ভিতরেই ছিল ছাপাখানা। সেই ছাপাখানাও সংস্কার করা হচ্ছে। এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি ওয়াকিবহাল মহল।