August 25, 2017 | 12:00 PM

আফগান মেয়েদের নামের দাবি

দেশে সকল মহিলাদের একটাই নাম তারা সকলেই মেয়ে। যাদের পরিচয় মা, সন্তান, স্ত্রী। আফগান সমাজে মেয়েদের নাম রাখা বা তাদের নাম ধরে ডাকা হয় না। জন্ম থেকে মৃত্যুর পরেও কেউ জানতে পারে না মেয়েটির কী নাম। এই নামবিহীন জীবনের বিরুদ্ধের সোচ্চার হয়েছেন আফগান নারী অধিকার আন্দোলনের কর্মীবৃন্দ। এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘#হোয়্যারইজমাইনেম’। তাঁদের দাবি, প্রতিটি মেয়ের পরিচিতি হবে নামের মাধ্যমে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্কুল, অফিস, চিকিৎসাকেন্দ্র, ব্যাঙ্ক, বিয়ের নিমন্ত্রণপত্র থেকে মৃত্যুর পর সার্টিফিকেট ও কবরের উপরেও লিখতে হবে মেয়েদের নাম। এই আন্দোলনের অন্যতম পুরোধা বাহার সোহালির কথায়, ‘আমাদের দেশে তো মেয়েদের সব কিছু নিয়েই ছুঁৎমার্গ রয়েছে। আফগান সমাজের এই রেওয়াজ মেয়েদের দ্বিতীয় শ্রেণীর মানুষ বোঝাতেই এই প্রথা।’ তিনি আরও বলেন, ‘সরকারের উপর চাপ বাড়াতে হবে। যখনই মেয়েদের অধিকারের প্রশ্ন ওঠে, তখনই আইনের ধ্বজাধারীরা ধর্মের কথা টেনে আনেন।’ আফগান মহিলাদের এই দাবি পৌঁছে দেওয়ার জন্য স্যোশাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। দেশের মেয়েদের এই দাবির পরিপেক্ষিতে কাবুল হাইকোর্টের মুখপাত্র আবদুল্লা আতহি বলেন, ‘জন্মের শংসাপত্র বা অন্য কোনও সরকারি কাগজে মেয়েদের নাম দিতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু এদেশের মানুষ কি এতটা আধুনিক হয়েছে? মাঝখান থেকে হয়ত এই নিয়ে দেশে ঝামেলা শুরু হয়ে যেতে পারে।’