July 18, 2019 | 12:00 PM

সারা ভারত জুড়ে হাজার হাজার গাছ লাগিয়ে নজির গড়লেন কানু মাঝি

গত কয়েক দশক ধরে ভারতের বিভিন্ন প্রান্তে নীরবে বনসৃজন করে নজিরবিহীন দৃষ্টান্ত গড়ে তুলেছেন উলুবেড়িয়ার কানু মাঝি। বনবিভাগের এই প্রাক্তন অস্থায়ী কর্মী পশ্চিমবঙ্গের নানা অঞ্চল-সহ দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলোতেও বপণ করেছেন অসংখ্য চারাগাছ।

উলুবেড়িয়ার ডোমজুড় থানার রাজপুরে জন্মেছিলেন কানু মাঝি। অল্প বয়স থেকেই বনকে ভালোবাসেন, গাছ লাগিয়ে আনন্দ পান। কানু যখন বনদপ্তরের হাওড়া ডিভিশনে কাজ করতেন, তাঁর বনসৃজনের উদ্যোগে খুশি হয়ে তাঁকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেছিলেন পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়। 

এখন কানু মাঝি বৃদ্ধ হয়েছেন। বয়স ৭০-এর কাছাকাছি। বনবিভাগের অস্থায়ী কর্মী ছিলেন বলে পেনশনও পান না। একটি চায়ের দোকানে কাজ করে সংসার চালান। দারিদ্র তাঁর নিত্যসঙ্গী। সারা জীবন চরম প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও তিনি গাছকে সন্তানের মতো ভালোবেসে আসছেন চিরকাল।