August 3, 2019 | 12:00 PM

জেলাশাসকের উদ্যোগে গোটা ঝাড়গ্রামে লাগানো হচ্ছে দশ হাজার গাছ

চারিদিকে গাছ কেটে ফেলা হচ্ছে। ক্রমশ কমছে জলের পরিমাণ। ঠিক এমন সময়েই ঝাড়গ্রামে লাগানো হতে চলেছে দশ হাজার গাছ। গত বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম জেলায় সবুজের অভিযান পদযাত্রা করেন জেলাশাসক আয়েশা রানি। পদযাত্রা শেষ করে এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘গ্রিন ঝাড়গ্রাম’ কর্মসূচি নেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী গোটা ঝাড়গ্রাম জেলায় প্রায় দশ হাজার গাছ লাগানো হবে। যার দেখভাল করবে বনদপ্তর। এমনিতেই ঝাড়গ্রাম সবুজের শহর। গোটা শহর-গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র পুরোনো গাছ।

এই পদযাত্রায় অংশগ্রহণ করেন সাধারণ জেলাশাসক, মহকুমা শাসক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক। উপস্থিত ছিলেন পুরসভা ও বনদপ্তরের কর্মীরা। এমনকি বিডিও মিঠুন মজুমদারও নিজের বাড়ি-সহ ঝাড়গ্রামের ফাঁকা জায়গায় সারাবছর ধরে গাছ লাগান। আবার পড়ুয়াদের হাতেও তুলে দেন গাছের চারা। ঝাড়গ্রাম জেলাশাসকের এই সিদ্ধান্তে খুশি ঝাড়গ্রামবাসী।