
প্রাকৃতিক সম্পদ রক্ষায় ‘গো গ্রিন ক্যাম্পেন’ শুরু হল ফোর্ট উইলিয়ামে। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ফোর্ট উইলিয়ামের আশেপাশের অঞ্চলে এবং ভেতরে বনসৃজনের কাজ শুরু হবে। রবিবার ফোর্ট উইলিয়াম স্টেডিয়ামে এই মর্মে শপথ নেওয়া হয়। সস্ত্রীক হাজির ছিলেন পূর্বাঞ্চলের সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল এম এন নারাভানে।
১৯৬৯ সালে আমেরিকান সেনেটর গেলর্ড নেলসন পরের বছরের ২২ এপ্রিলকে ধরিত্রী দিবস বা আর্থ ডে পালনের প্রস্তাব দেন। তেল তোলার এক প্ল্যাটফর্মে ১৯৬৯ সালে এক ভয়াবহ দুর্ঘটনায় ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা উপকূলে প্রচুর তেল ছড়িয়ে পড়ে। যার ফলে ব্যাপক ক্ষতি হয় ওখানকার সামুদ্রিক প্রাণীদের। এই ঘটনার পর নেলসন ঠিক করেন, পৃথিবী সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য একটা পালনীয় দিবস গ্রহণ করা প্রয়োজন। ১৯৭০ সাল থেকে ‘আর্থ ডে’ পালন করা শুরু হয়। তারপর এখন সারা পৃথিবীতেই পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে এই দিনটা উদযাপিত হয়ে আসছে।