
গেজেটেড অফিসারের স্বীকৃত পরিচয়পত্র না থাকলে আধার কার্ড দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল ইউআইডিএআই। এর ফলে প্রায় এক বছর সরকারি, বেসরকারি হোম, অনাথ আশ্রম এবং স্বেচ্ছাসেবী সংগঠনের আবাসিকদের আধার কার্ডের কাজ থেমে ছিল। এখন সেই সমস্যার সমাধান হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখন সব রকম পরিষেবার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয়। তবে, সরকারি কাজে জটিলতা কম হয় আধার কার্ড থাকলে। বিভিন্ন সরকারি ও বেসরকারি হোম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে ইউআইডিএআই-এর কাছে বারবার আবেদন জানানো হচ্ছিল, যাতে আবাসিকদের জন্য দ্রুত আধার কার্ডের ব্যবস্থা করা যায়। পশ্চিমবঙ্গের প্রায় ৯৭ শতাংশ লোকের আধার হয়ে গেছে। বাকি ৩% মানুষের আধারের কাজও দ্রুত শেষ করতে চাইছে ইউআইডিএআই। এখন ঠিক হয়েছে, সরকার স্বীকৃত স্বেচ্ছাসেবী সংস্থার সই করা পরিচয়পত্র থাকলেই আধার দেওয়া কার্ড দেওয়া হবে।