
চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হল। এ বছর পুরস্কার পাচ্ছেন প্রজনন বিদ্যায় বিশেষজ্ঞ মার্কিন যুক্তরাষ্ট্রের জেফ্রি সি হল (৭২), মাইকেল রসব্যাস (৭৩) এবং মাইকেল ডব্লু ইয়ং (৬৮)। জীবের শরীরে ‘বায়োলজিকাল ক্লক’ কীভাবে বিভিন্ন অভ্যন্তরীণ প্রক্রিয়াকে প্রভাবিত করে, সে বিষয় নিয়েই যুগান্তকারী আবিষ্কার করেছেন এই তিনজন। নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, এঁদের আবিষ্কার দেখিয়েছে কীভাবে গাছ, প্রাণী ও মানুষের শরীরে ‘বায়োলজিকাল রিদম’ বজায় থাকে।
সৌরজগতে চলার পথে নিজের অক্ষরেখার উপর ঘূর্ণনের জন্যই পৃথিবীতে প্রাণের স্পন্দন বজায় রয়েছে। বিজ্ঞানীরা বহুদিন ধরেই বলে আসছেন উদ্ভিদ ও প্রাণী জগতে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ক্ষেত্রেও দায়ী কোনও অভ্যন্তরীণ প্রক্রিয়া। এই মার্কিন বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত, এই ‘বায়োলজিকাল ক্লক’ জীবজগতের শরীরে হরমোনের মাত্রা বজায় রাখা, ঘুম, দেহের তাপমাত্রা এবং বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। তাঁরা দেখিয়েছেন, কীভাবে সংশ্লিষ্ট জিন প্রোটিন কোড রাতের বেলায় সঞ্চিত হয় এবং দিনের বেলা তা বিপাক ক্রিয়ায় ভেঙে যায়।
পুরস্কার মূল্যের ৯০ লক্ষ সুইডিশ ক্রোনার (১১ লক্ষ মার্কিন ডলার বা ৯ লক্ষ ৩৭ হাজার ইউরো) তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন জাপানের ইওশিনোরি ওহসুমি।