
নির্বিচারে যত গাছ কাটা হচ্ছে, ততই বাড়ছে দূষণ। বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে পৃথিবী। এবার পরিবেশ বাঁচানোর অঙ্গীকার নিয়ে হাওড়ার তেলকল ঘাটে গাছকে ভাইফোঁটা দিলেন বোনেরা।
কালীপুজোর পরদিন সোমবার অমাবস্যার প্রতিপদে এই গাছফোঁটার আয়োজন করেছিল ‘রেণু’ নামের এক পরিবেশপ্রেমী সংগঠন। অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন এই সংগঠনের সভাপতি পরিবেশবিদ সুভাষ দত্ত। এদিন সকালে শাঁখ বাজিয়ে উলু দিতে দিতে গাছকে প্রদক্ষিণ করা হয়। গাছকে চন্দনের ফোঁটা দিতে দিতে বোনেরা উচ্চারণ করেন, “গাছ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’। ফোঁটা দেওয়ার পর গাছকে মিষ্টিমুখ করান বোনেরা। অনুষ্ঠানের সময়ে প্রদীপ এবং ধূপধুনো জ্বালানো হয়।
গাছকে ভাইফোঁটা দিয়ে পরিবেশ বাঁচানোর অভিনব বার্তা দিয়েছে এই সংঘটন। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজন থেকে শুরু করে আম-জনতা।