May 21, 2017 | 12:00 PM

কলকাতায় ভাষা মিছিল

দোকানের হোর্ডিং-এ বাংলা ভাষা লেখার দাবিতে বর্ণময় মিছিলের সাক্ষী হল মহানগর।বরাক উপত্যাকার শহিদদের ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা প্রসারের দাবিতে ১৮ টি সংগঠনের ডাকে আয়োজিত এই মিছিল কলেজস্কোয়ার থেকে শুরু করে বড়বাজার পর্যন্ত যায়। বড়বাজারের ব্যবসায়ীদের কাছে দোকানের নাম বাংলায় লেখার দাবি তোলা হয়। উদ্যোক্তাদের আশা, আগামী এক মাসের ভিতরই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা।

সম্প্রতি রাজ্যের সব স্কুলে বাংলা পড়ানো আবশ্যিক করেছে রাজ্যসরকার। মিছিলের উদ্যোক্তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। মিছিলে পা মেলাতে কেবল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, অসমের শিলচর থেকেও ভাষাপ্রেমীরা যোগ দেন। উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, অমর মিত্র, বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রমুখ। ছৌ শিল্পীদের নৃত্যের তালে মিছিল পৌঁছয় গন্তব্যে।

২০০০ সালের ২১ ফেব্রুয়ারি সুনীল গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ভাষার মর্যাদার দাবিতে মিছিল বেরিয়েছিল কলেজস্কোয়ার থেকে কার্জন পার্ক পর্যন্ত। সেই একই দাবিতে লড়াই যে চলছে তার প্রমাণ এদিনের মিছিল।