
মেয়েটির স্বপ্ন ছিল মহাকাশবিজ্ঞানী হওয়ার। কিন্তু সে হল ডাক্তার। আর যে স্বপ্নটা সে দেখেইনি কোনদিন, সেই সাফল্য তাঁকে রাতারাতি পৌঁছে দিল খ্যাতির চুড়োয়। ২৩ বছরের ভাষা মুখোপাধ্যায় এখন ‘মিস ইংল্যান্ড’। অথচ, মডেলিং করলেও শুরুতে সৌন্দর্য প্রতিযোগিতায় নাম দেওয়ার কথা ভাবেইনি এই বঙ্গতনয়া। ডাক্তারি পরার মাঝপথেই অনেকে মিলে বুঝিয়ে-সুঝিয়ে তাঁকে রাজি করান সৌন্দর্য প্রতিযোগিতায় নাম দিতে। সেই ভাষা-র মাথাতেই আজ ইংল্যান্ডের সেরা সুন্দরীর মুকুট।
ন’বছর বয়সেই চলে আসতে হয়েছিল ইংল্যান্ড। পড়াশোনা সেখানেই। কিন্তু তা’বলে মাতৃভাষাকে একদমই ভুলে যাননি ভাষা। বাংলায় তিনি বেশ স্বচ্ছন্দ। চশমা আর দাঁতের কারণে ছোটোবেলায় স্কুলে নানা টিটকিরি সহ্য করতে হয়েছে তাঁকে। তাতে জেদ আরো ঘন হয়েছে ভাষার। সৌন্দর্য আর মেধা—দুইকেই সমান ব্যালেন্স করতে জানেন তিনি। ‘মিস ইংল্যান্ড’ খেতাব জয়ের পরদিন ভোরেই তাই ট্রেন ধরেছেন লিঙ্কনশায়ারের উদ্দেশে। সেখানে হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে যোগ দেওয়ার কথা তাঁর। ইংল্যান্ড সুন্দরীর শিরোপা আসার পরের দিনই শুরু জীবনের নতুন ইনিংস।
ভাষা এই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। বৈচিত্র ভালোবাসেন। সুন্দরীরা যে বুদ্ধিহীন নয়, তা প্রমাণ করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।