
দক্ষিণ কলকাতার অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপুজো নাকতলা উদয়ন সংঘের। ঐতিহ্যবাহী এই পুজোর সঙ্গে জড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ শিল্পীরা। নাকতলা উদয়ন মানেই অনেকের ধারণা মণ্ডপ নির্মাণ করেন সুশান্ত পাল। এবার তারই ব্যতিক্রম ঘটছে। ২০১৯ সালের দুর্গাপুজোয় নাকতলার থিম নির্মাণ করছেন ভবতোষ সুতার। সেই ভবতোষ, যিনি কিনা পাথরে প্রাণের রূপকার। এবছর পুজোর বিষয় হিসাবে তাঁরা বেছে নিয়েছেন ‘জন্ম’-কে। হ্যাঁ, পোস্টারে দেখা যাচ্ছে নাকতলার এবারের থিম ‘জন্ম’। গতবারের মতোই এবারেও পুজোর মুখ হিসাবে থাকছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
কর্তৃপক্ষের তরফ থেকে পুজোর থিম সম্বন্ধে এখনও কোনো বিশ্লেষণ পাওয়া যায়নি। নাকতলা উদয়নের পক্ষ থেকে বলা হয়েছে , “দুর্গাপুজো মানেই বাংলার পুজোর মুখ নাকতলা উদয়ন সংঘ। আমরা শুধু পুজো করি না, নতুন শিল্প সৃষ্টি করি। আর এবারের দুর্গাপুজোর শিল্প সৃষ্টির কারিগর হিসেবে নাকতলা উদয়ন সংঘে থাকছেন শিল্পী ভবতোষ সুতার। সঙ্গে থাকছেন বিশ্বখ্যাত আলোক শিল্পী দীনেশ পোদ্দার। এবারেও আমাদের পুজোর মুখ হিসেবে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এনাদের সঙ্গে নিয়ে আমাদের পুজোর প্রাণপুরুষ পুজো কমিটির সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য দাশগুপ্তকে সামনে রেখে এগিয়ে যাব আমরা টিম নাকতলা।”
প্রসঙ্গত, এবছর নাকতলা উদয়নের আবহ সংগীত করছেন কবীর সুমন। কলকাতা দক্ষিণের বাসিন্দারা বলছেন, ভবতোষ-সুমনের যুগলবন্দি ভালোই জমবে।