December 16, 2020 | 12:00 PM

ইনফোসিস পুরস্কার জিতলেন দুই বাঙালি বিজ্ঞানী

বামদিকে অধ্যাপক সৌরভ চট্টোপাধ্যায় এবং ডানদিকে অধ্যাপক অরিন্দম ঘোষ 

আবার বাংলার মুকুটে নতুন পালক। এবছর ইনফোসিস পুরস্কারে ভূষিত হলেন দুই বাঙালি বিজ্ঞানী – অরিন্দম ঘোষ এবং সৌরভ চট্টোপাধ্যায়। কেবল ভারতীয় বংশোদ্ভূতরাই লাভ করতে পারেন এই পুরস্কার। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স, মানববিদ্যা, জীবন বিজ্ঞান, গণিত বিজ্ঞান, পদার্থবিদ্যা এবং সমাজ বিজ্ঞান – এই ৬টি বিভাগে পুরস্কার প্রদান করে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে স্বর্ণপদক, শংসাপত্র এবং পুরস্কার মূল্য ১ লক্ষ মার্কিন ডলার বা তার সমপরিমাণ ভারতীয় টাকা। 

এবছর পদার্থবিদ্যায় এই পুরস্কার জিতেছেন বিজ্ঞান অরিন্দম ঘোষ। তিনি সূক্ষ্ম দ্বিমাত্রিক সেমিকন্ডাকটর নিয়ে গবেষণা করেন। নতুন প্রজন্মের ফাংশনাল ইলেকট্রনিক, থার্মোইলেকট্রিক এবং অপ্টোইলেকট্রিক যন্ত্র আবিষ্কার করেছেন। ব্যাঙালোরের আইআইএসসি থেকে পিএইচডি ডিগ্রি লাভের পর গবেষণা করেন ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ফিরে এসে আইআইএসসিতে যোগ দেন সহকারী অধ্যাপক হিসেবে। পরবর্তীকালে সেখানেই পদার্থবিদ্যার অধ্যাপকের দায়িত্ব পেয়েছেন। ২০০৮ সালে তিনি স্বর্ণজয়ন্তী ফেলোশিপে ভূষিত হন। এছাড়াও জেসি বোস ফেলোশিপ ডিএসটি, ডিএই রাজা রামান্না প্রাইজ লেকচার ইন ফিজিক্স অফ জেএনসিএএসআর, অক্সফোর্ড ইনস্ট্রুমেন্টস ইয়ং ন্যানোসায়েন্স অ্যাওয়ার্ড, পিকে লায়েনগার মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন এক্সপেরিমেন্টাল ফিজিক্স, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, মেটেরিয়ালস রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া মেডেলের মতো বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। 

বিজ্ঞানী সৌরভ চট্টোপাধ্যায় ইনফোসিস পুরস্কার লাভ করেছেন গণিতের জন্য। তিনি স্নাতক ও স্নাতকোত্তর করেন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট থেকে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পান ডক্টরেট ডিগ্রি। পার্সি ডায়াকনিসের তত্ত্বাবধানে কাজ করেছেন সেখানে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেতে ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দায়িত্ব লাভ করেন। পরবর্তীকালে সেখানে পরিসংখ্যান এবং গণিতের সহযোগী অধ্যাপক হন। জিতে নিয়েছেন রল্লো ডেভিডসন প্রাইজ, লাইন এন্ড মাইকেল লোইভ ইন্টারন্যাশনাল পুরস্কার, ডাবলিন পুরস্কার। তিনি ২০১৪ সালে আন্তর্জাতিক গণিত কংগ্রেসে আমন্ত্রিত হন ও ২০১৮ সালে ইন্সটিটিউট অফ ম্যাথেমেটিক্যাল স্ট্যাটিস্টিক্সের ফেলো নির্বাচিত হন তিনি।

গত ২ ডিসেম্বর ইনফোসিস পুরস্কারে ভূষিত হন ৬ জন গবেষক। বাংলার নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে উঠেছেন অধ্যাপক অরিন্দম ঘোষ এবং অধ্যাপক সৌরভ চট্টোপাধ্যায়।