October 19, 2019 | 12:00 PM

ভারতসেরা শিশুবান্ধব পঞ্চায়েতের শিরোপা মিলল সন্দেশখালিতে

রাস্তাঘাট, নিকাশী, জনস্বাস্থ্য ইত্যাদি বিষয়ে দেশ তথা রাজ্যের বহু পঞ্চায়েতই উন্নত মানের পরিষেবা দিয়ে থাকে। এবার শিশুসুরক্ষাতেও আলাদা নজির গড়ে সারা দেশে সেরার শিরোপা অর্জন করল সন্দেশখালির এক গ্রাম পঞ্চায়েত। 

উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি-১ ব্লকের সরবেরিয়া আগরহাটিকে শিশুবান্ধব পঞ্চায়েত বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক। সরবেরিয়া আগরহাটির পঞ্চায়েত প্রধান শেখ শাহজাহান ২৩ অক্টোবর পুরস্কার গ্রহণ করতে দিল্লি যাচ্ছেন। দেশের সেরা ২২টি পঞ্চায়েতকে ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে মিড-ডে মিল প্রকল্প, পোলিও কর্মসূচি, অন্তঃসত্ত্বাদের পুষ্টি ইত্যাদির যথাযথ বন্দোবস্ত করতে হয়। তার পাশাপাশি শিশুশ্রম, পাচার, বাল্যবিবাহ, স্কুলছুট যাতে না হয়, লক্ষ্য রাখতে হয় সেদিকে। 

আগরহাটিতে কচিকাঁচাদের সুরক্ষা দিতে তৈরি করা হয়েছে ‘শিশুদল’। খুদেরাই সেই বাহিনীর সদস্য। ছোটো-বড়ো সবাই হাতে হাত মিলিয়ে কাজ করায় এখানে শিশুদের পক্ষে ক্ষতিকারক কুপ্রথাগুলি রুখে দেওয়া সম্ভব হয়েছে। শিশুবান্ধব হিসেবে এই পঞ্চায়েতের স্বীকৃতি সারা বাংলাকেই প্রেরণা দেবে।