March 22, 2021 | 12:00 PM

সৃজিত, কৌশিক, প্রবুদ্ধ – বাংলার ঝুলিতে একগুচ্ছ জাতীয় পুরস্কার

গত বছর মে মাসেই জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ্যে আসার কথা ছিল, বাধ সাধে করোনা পরিস্থিতি। করোনার আবহের জন্যই এবার ১০ মাস পর বিজয়ীদের নাম ঘোষোণা করা হল। সোমবার নিউ দিল্লির শাস্ত্রী ভবনে ৬৭তম জাতীয় পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এবার বাংলার ঝুলিতে এসেছে তিন জাতীয় পুরস্কার।

জাতীয় পুরস্কারে বাংলা থেকে সেরা ছবির তালিকায় আরও একবার বাজিমাৎ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেরা বাংলা ছবি এবং সেরা চিত্রনাট্য-এই দুই বিভাগেই জাতীয় পুরস্কার পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এবং সৃজিত পরিচালিত ‘গুমনামী’ । সৃজিত ছাড়াও তালিকায় রয়েছেন আরও এক বাঙালি পরিচালকের নাম। তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিক পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’ও দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে। সেরা চিত্রনাট্যের জন্য পরিচালকের ঝুলিতে এল ‘ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড’। আবার সংশ্লিষ্ট ছবির জন্যই সেরা সঙ্গীত পরিচালনায় জাতীয় পুরস্কার পেলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

তালিকার রয়েছেন আরও দুই বাঙালি। ‘শাট আপ সোনা’ সম্পাদনার জন্য ‘বেস্ট এডিটর’ পুরস্কার পেলেন অর্জুন গৌরাসিয়া এবং বুদ্ধায়ন মুখোপাধ্যায় সেরা প্রচারমূলক চলচ্চিত্র পুরস্কার পেলেন হিন্দি ছবি ‘দ্য শাওয়ার’-এর জন্য।