December 13, 2018 | 12:00 PM

সাইবার তদন্তে ভারতসেরা বাংলার পুলিশ

প্রথম বার প্রতিযোগিতায় গিয়েই সেরার শিরোপা। তাও যে সে প্রতিযোগিতা নয়। একেবারে ভারত-সেরা হওয়ার লড়াই। সাইবার অপরাধ দমনে কৃতিত্বের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে পুরস্কার পেলেন কলকাতা পুলিশের আধিকারিক অক্ষয় সাহা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক অনুপম চক্রবর্তী। একক তদন্তকারী হিসেবে প্রথম হয়েছেন অক্ষয় আর দ্বিতীয় হয়েছেন অনুপম। ব্যারাকপুর কমিশনারেট এবারই প্রথম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করল।

সর্বভারতীয় এই প্রতিযোগিতার নাম ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিএসসিআই) – ন্যাসকম এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এটিকে ‘ইন্ডিয়ান সাইবার কপ অ্যাওয়ার্ড নামেও ডাকা হয়ে থাকে। সিবিআই এবং এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। সাইবার তদন্তই এই প্রতিযোগিতার বিষয়। অংশগ্রহণকারীদের একটি সমাধান হওয়া মামলার সম্পূর্ণ বিবরণ পাঠাতে হয় বিচারকদের কাছে। বিচারকরা অপরাধের বিভিন্ন খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখেন। দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় মামলাটির গুরুত্ব কতখানি, সমাজ-রাজনীতি-অর্থনীতিতে সেই মামলার কোনো সুদূরপ্রসারী প্রভাব আছে কিনা, সেটাও বিবেচনা করা করা হয়। লক্ষ করা হয় তদন্তের মধ্যে কোনো ত্রুটি রয়ে গেছে কিনা। অভিযুক্তকে গ্রেপ্তার করা এবং তাকে বিচারবিভাগের কাছে পেশ করার পদ্ধতিতে কোনো গাফিলতি আছে কিনা, নজর রাখা হয় সেদিকেও। পশ্চিমবঙ্গের এই দুই অফিসারের সব কটি ক্ষেত্রেই বিচারকদের মুগ্ধ করেছেন। এঁদের সর্বভারতীয় পুরস্কার প্রাপ্তিতে গর্বিত সারা বাংলার পুলিশ কর্মীরা। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরাও খুশি। এই ধরনের সম্মান পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের পুলিশকর্মীদের মনোবল বৃদ্ধি করবে এবং উৎসাহ দান করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মানুষেরা। 

ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে সঙ্গে এই প্রতিযোগিতায় দলগত কাজের জন্য থাকে পুরস্কারের ব্যবস্থা। তদন্তকারী সংস্থা হিসেবে এবছর দেশের সেরা হয়েছে ভূপাল সিটি পুলিশ এবং দ্বিতীয় হয়েছে কলকাতা পুলিশ। কলকাতা তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে এই সম্মানপ্রাপ্তিও যথেষ্ট গর্বের।