February 8, 2019 | 12:00 PM

বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বিপুল লগ্নির ঘোষণা

রাজ্যে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আজ রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। দুদিনের এই বাণিজ্য সম্মেলনে যোগ দিচ্ছে মোট ৩৬টি দেশের প্রায় চার হাজার প্রতিনিধি। হাজির থাকছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা, রাকেশ মিত্তলের মতো দেশের প্রথম সারির শিল্পপতিরা। 

পঞ্চম বর্ষের এই সম্মেলনের শুভ সূচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, গত ৪টি শিল্প সম্মেলনে ১০ লাখ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে। তারমধ্যে পঞ্চাশ শতাংশ লগ্নি প্রস্তাব বাস্তবায়নের কাজ চলছে বলেও জানালেন তিনি। এর পাশাপাশি বাংলায় এসে বিনিয়োগ করার জন্য বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে শিল্পপতিদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আজকের বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে আগামী দিনে রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকা লগ্নির ঘোষণা করেন শিল্পপতি মুকেশ আম্বানি। যার মধ্যে রাজ্যে লজিস্টিক হাব তৈরি করতে রিলায়েন্স লগ্নি করবে ৫০০০ কোটি টাকা। ই-কমার্স ক্ষেত্রেও পা রাখতে চলেছে রিলায়েন্স। গত কয়েক বছরে আরপিজি রাজ্যে ২৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে বলেছে জানান আরপিজি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। গত বছর বিনিয়োগের প্রস্তাবের পরিমাণ ছিল ২ কোটি ১৯ লক্ষ ১২৫ কোটি টাকা। এবার সেই পরিমাণ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।