
নিউ টাউনের মতো এবার কল্লোলিনী তিলোত্তমা শহরেও ব্যাটারিচালিত গাড়ির চার্জিং স্টেশন করতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে এই ধরনের ব্যবস্থা থাকলে পরিবেশ দূষণ তো কমবেই, তার পাশাপাশি ইলেকট্রিক বাসগুলির পক্ষে সুবিধে হবে বলেই পুরসভা কর্তৃপক্ষ মনে করছে।
ইতিমধ্যেই চার্জিং স্টেশন গড়ে তোলার জন্য বেশ কিছু জায়গা চিহ্নিত করা হয়েছে। মা উড়ালপুলের নিচে পার্ক সার্কাসের পাশে নিউ পার্ক স্ট্রিট এলাকায় চার্জিং স্টেশন বানানোর প্রস্তাব দিয়ে এ মাসের শুরুতে পুরসভার বিশেষ কমিশনার তাপস চৌধুরী কেএমডিএ-র চিফ একজিকিউটিভ অফিসারকে চিঠি পাঠিয়েছেন। জানা গেছে, সিইএসসির সঙ্গে যৌথভাবে পুরসভা চার্জিং স্টেশনগুলি তৈরি করবে।