August 18, 2017 | 12:00 PM

নিসের কায়দায় বার্সেলোনায় জঙ্গি হানা, মৃত ১৩

বার্সেলোনার সিটি সেন্টার লা রাম্বলাসের জনবহুল এলাকায় একটি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, ভিড়ে ঠাসা রাস্তায় হঠাৎই সাদা রঙের ভ্যান নিয়ে হামলা চালায় দুই সশস্ত্র ব্যক্তি। তারপরই তাঁরা একটি রেস্তোরাঁয় ঢুকে গুলি চালাতে থাকে।

ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। স্থানীয় পুলিস ঘটনাটিকে সন্ত্রাসবাদী আক্রমণ হিসাবে দেখছে বলে খবর। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর একজনের খোঁজে তল্লাশি চলছে।

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও ভারতীয়ের হতাহতের কোনও খবর নেই।

জরুরি প্রয়োজনে ভারতীয়দের জন্য একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে।

২০১৬-র ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে একটি ট্রাকের ধাক্কায় অন্তত ৮৬ জনের মৃত্যু হয়। জখম হন ৪৫৮ জন।

অন্যদিকে, ২০১৬-র ১৯ ডিসেম্বর বার্লিনের উইলহেলম মেমোরিয়াল চার্চের কাছে ক্রিসমাস মার্কেটে ট্রাকের ধাক্কায় ১২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৫৬ জন। দুই হামলার স্মৃতি উস্কে দিল স্পেনের বার্সিলোনার এই হামলা।