
মার্কিন মুলুকে ক্যান্সার নিয়ে গবেষণা করেন সুজাতা জানা। সেখানকার প্রতিরক্ষা দপ্তর গবেষণায় অনুদান দিতে এক পরীক্ষার আয়োজন করেছিল। তাতে একমাত্র অনুদান প্রাপক হিসেবে মনোনীত হলেন এই বঙ্গতনয়া।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অকালে হারিয়েছিলেন প্রিয় শিক্ষককে। শিক্ষক প্রণব গায়েন কোলন ক্যান্সারে মারা যান। সেই থেকেই ক্যান্সার নিয়ে গবেষণায় আগ্রহী হয়েছিলেন বসিরহাটের মেয়ে সুজাতা। পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। ২০০৯ সাল থেকে মূত্রথলির ক্যান্সার নিয়ে গবেষণা শুরু করেন। স্কলারশিপের অর্থেই চালিয়ে যাচ্ছেন গবেষণা।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের অনুদান পেয়ে আপ্লুত সুজাতা। অনুদানের অঙ্ক নেহাত কম নয়, ২ লক্ষ ৬৮ হাজার ডলার, ভারতীয় মূল্যে ১ কোটি ৮৭ হাজার টাকা। প্রথমে সুজাতা এই পরীক্ষায় বসতে ভয় পাচ্ছিলেন। শেষ পর্যন্ত পরীক্ষার ফলাফলে নিজের গাইডকেও পিছনে ফেলে দিয়েছেন সুজাতা।