September 14, 2019 | 12:00 PM

ক্যারিব্যাগে টাকা চাওয়ায় ভিনরাজ্যে জরিমানা বাটা ও বিগ বাজারের, আর এ রাজ্যে?

জিনিসপত্র কেনার পর ক্যারিব্যাগ নিতে চাইলে দিতে হবে অতিরিক্ত টাকা। কেনা জিনিসের পরিমাণ অনুযায়ী ক্যারিবাগের সংখ্যা বাড়লে সেই টাকাও বাড়বে। কিছুদিন আগেই ক্যারিব্যাগের জন্য অতিরিক্ত ১৮ টাকা দাবি করায় বিগ বাজারের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন পাঁচকুলার ক্রেতা সৌরভ কুমার। চন্ডীগড় স্টেট কনজুমার ডিসপুটস রিড্রেসাল এই ঘটনায় বিগ বাজারকে সাড়ে এগারো হাজার টাকার বেশি জরিমানা করেছে। বলা হয়েছে, ক্রেতাকে ক্যারি ব্যাগ দেওয়ার দায়িত্ব সংস্থারই। প্রসঙ্গত, একই কারণে এর আগে জুতো প্রস্তুতকারক সংস্থা বাটাকেও গুনতে হয়েছে মোটা জরিমানা।

ভিনরাজ্যে ক্যারিবাগের জন্য টাকা চাওয়ায় জরিমানার মুখে পড়েছে এই দুটি বড়ো সংস্থা। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো সেই ট্র্যাডিশন সমানে চলছে। শুধু বিগ বাজার নয়, পুজোর কেনাকাটা করতে রাজ্যের প্রায় সমস্ত শপিং মলে অন্যান্য নানা সংস্থার লে আউটেই ক্যারিব্যাগের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ম্যাক্স ফ্যাশনের একটি কাউন্টারে এই নিয়ে প্রশ্ন করতে শোনা গেল, এখনো ক্যারি ব্যাগের জন্য টাকা না চাওয়ার কোনো নির্দেশ ওপরতলা থেকে আসেনি। প্যান্টালুনস কাগজের ক্যারি ব্যাগপ্রতি ৪-৫ টাকা নিচ্ছে এখনো।

চণ্ডীগড় ক্রেতা সুরক্ষা দপ্তর যে-কারণে জরিমানা করেছে বাটা-বিগ বাজারকে, সেই একই ঘটনা এখনো রমরমিয়ে চলছে এই রাজ্যের অসংখ্য বিপণিতে। ক্রেতাদের তরফেও বিশেষ সচেতনতা বা প্রতিবাদ নেই। ‘বিক্রেতাকে ক্যারি ব্যাগ দেওয়ার দায়িত্ব সংস্থারই’—এই সাধারণ নিয়মটাই বদলে গেছে। রাজ্যের মানুষ এই অতিরিক্ত টাকা গোনার পরেও হয়তো ভাবছেন, কেউ না কেউ ঠিক অভিযোগ জানাবেন ক্রেতা সুরক্ষা দপ্তরে। ততদিন অবধি ক্যারিব্যাগ বাবদও আলাদা লাভ করে নিচ্ছে সংস্থাগুলি।