August 15, 2017 | 12:00 PM

অনুপ্রবেশ রুখতে এক ধরনের ‘সিসিটিভি যুক্ত কাঁটা-তার ব্যবহার করেতে চলেছে বিএসএফ

বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ রুখতে এবার এক ধরনের ‘সিসিটিভি যুক্ত কাঁটা-তার ব্যবহার করেতে চলেছে বিএসএফ। এজন্য এ দুই দেশের সীমান্তে ইসরায়েলের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির কাঁটাতারের বেড়া বসানোর উদ্যোগ নিয়েছে ভারত। সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএসএফ’র মহাপরিচালক কে কে শর্মা জানান, ইসরায়েলের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এই কাঁটাতারের বেড়ায় নিজস্ব ‘কুইক রেসপন্স টিম’ মেকানিজম রয়েছে। এতে অনুপ্রবেশ হওয়ামাত্র স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।  সীমান্তের নিরাপত্তা জোরদার করতে একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে বিএসএফ। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইবিএমএস)।

তিনি জানান, ওই বিশেষ বেড়ায় লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে ফিড (ভিডিও) চলে যাবে বর্ডার আউটপোস্টে। মনিটরের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। ফলে জওয়ানদের বাইরে বেশি পাহারা দিতে হবে না। শর্মা জানান, কেউ অনুপ্রবেশের চেষ্টা করলেই বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সংকেত পৌঁছে যাবে মনিটরে। তাছাড়া কাঁটাতারের সংস্পর্শে এলেই অ্যালার্ম বেজে উঠবে। ঠিক কোথায় অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে, তা জানা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।