August 3, 2017 | 12:00 PM

তৎপর পুলিশ, খুলনার জাহিদা ফিরলেন ঘরে

পুলিশের তৎপরতায় বাড়ি ফিরলেন খুলনার গৃহবধূ। বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে জাহিদা নামের ওই মহিলার পাসপোর্ট সহ ব্যাগ চুরি যায়। খবর পেয়ে কলকাতা পুলিশ উদ্যোগ নেয় তাঁকে বাড়ি ফেরানোর। অবশেষে বৃহস্পতিবার ভোরে বাংলাদেশে ফেরার কথা তাঁর।

জুন মাসে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে হার্টের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসেন জাহিদা। ২১ জুন ডাক্তার দেখিয়ে ২২ জুন বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হাসপাতাল সংলগ্ন ফুটপাথে রাত কাটানোর সময় সেখান থেকেই চুরি হয়ে যায় তাঁর পাসপোর্ট, টাকাপয়সা ও অন্যান্য নথি। বউবাজার থানায় গিয়ে ডাইরি করলে, থানার এসআই ডি আর তামলং, কস্টেবল জামিরুল ইসলাম ও হোমগার্ড পম্পা ভট্টাচার্য। বাংলাদেশ হাইকমিশন ও এসসিও অফিসে যোগাযোগের পর, সমস্ত তথ্য খতিয়ে দেখে, বাংলাদেশ হাইকমিশন ট্রাভেল ভিসা ইস্যু করে জাহিদার নামে। সঙ্গে একজিট পারমিটও। 

জাহিদা ধরেই নিয়েছিলেন, দেশে ফিরতে পারবেন না আর। সব জটিলতা কেটে গেছে শুনে, সংবাদমাধ্যমকে তাঁর বক্তব্য, ‘বিদেশে এসে পুলিশের বেশে ভগবানের দেখা পেয়েছি। তা না হলে আমার মতো পড়াশোনা না জানা এক মহিলা আদৌ দেশে ফিরতে পারত কিনা, পরিবার সন্তানদের ফিরে পেত কিনা, সন্দেহ।’