September 27, 2019 | 12:00 PM

পুজোয় ৫০০ টন ইলিশ উপহার পাঠাচ্ছে বাংলাদেশ

এবারের বর্ষায় পশ্চিমবঙ্গে ইলিশের ঘোরতর আকাল। ওদিকে, বাংলাদেশে কিন্তু এই মাছের প্রচুর সরবরাহ এবছর। সেই পড়শি দেশ জানিয়েছে, দুর্গাপুজোর শুভেচ্ছা হিসেবে ৫০০ মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠানো হবে পশ্চিমবঙ্গে।

ইলিশ মাছ এবার বঙ্গোপসাগর থেকে হুগলি নদীতে না এসে বাংলাদেশ এবং মায়নামারে চলে যাচ্ছে। ফলে, এই বর্ষায় রুপোলি শস্যের স্বাদ থেকে রাজ্যবাসী প্রায় বঞ্চিত। ২০১২ সালে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার। সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হল এই বছর। ৫০০ টন ইলিশ একবারেই পাঠানো হবে এই রাজ্যে। বেনাপোল সীমান্ত দিয়ে ইলিশ পৌঁছবে কলকাতা আর শিলিগুড়ি। 

ঢাকা থেকে বলা হয়েছে, ১০ অক্টোবরের মধ্যে মাছগুলি এই দেশে পাঠাবে। সেই ইলিশ কাল মহালয়ার সকালেই আমাদের রাজ্যে ঢুকে যেতে পারে মনে করছে বিভিন্ন মহল।