April 21, 2020 | 12:00 PM

কম খরচে ভেন্টিলেটর তৈরি করলেন এক কলেজ পড়ুয়া

করোনা রোগীর চিকিৎসায় এক প্রধান উপকরণ ভেন্টিলেটর। বিশ্ব মহামারির সময়ে যন্ত্রটির চাহিদা খুব বেড়ে গিয়েছে, কিন্তু জোগান সেই তুলনায় পর্যাপ্ত নয়। এরই মধ্যে ঢাকা কলেজের এক ছাত্র স্বল্প মূল্যের ভেন্টিলেটর তৈরি করলেন, যা করোনা মোকাবিলায় যথেষ্ট সহায়ক হয়ে উঠতে পারে। 

অন্য দেশ থেকে বাংলাদেশে যে সব ভেন্টিলেটর আমদানি করা হয়, সেগুলি অনেক ব্যয়বহুল। জোগানও কম। ঢাকা কলেজের ছাত্র সানি জুবায়ের যে নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন, তাতে একেকটি ভেন্টিলেটর তৈরি করতে বাংলাদেশি মূল্যে খরচ হয় ৭ হাজার টাকার কাছাকাছি। বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে খরচ আরও কমে যাবে। বিদ্যুৎ চলে গেলে এই ভেন্টিলেটর চালাতে আইপিএস ব্যবহার করা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা যন্ত্রটিকে আরও উন্নত করে গড়ে তুলতে পারেন। 

সানি দাবি করেছেন, এটি ব্যবহার করে অনেক করোনা রোগীর জীবন বাঁচানো সম্ভব। এই ভেন্টিলেটর কীভাবে কাজ করে, তার একটি ভিডিও চিকিৎসকদের পাঠিয়েছেন তিনি। চিকিৎসকরা ভিডিও দেখে সন্তুষ্ট। সানি এটিকে আরও উন্নত করার চেষ্টা করে যাচ্ছেন, যাতে সহজেই করোনা রোগীদের চিকিৎসায় এটিকে ব্যবহার করা যায়। ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ জানিয়েছেন, এই প্রজেক্টটি সরকারের কাছে তুলে ধরা হবে।