April 17, 2019 | 12:00 PM

কলকাতার নতুন ছবি দ্রুত মুক্তি পাবে বাংলাদেশে

টলিউডের নতুন চলচ্চিত্র বাংলাদেশে দ্রুত মুক্তির ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার। বিশ্বায়নের যুগে পড়শি দেশের চলচ্চিত্র আমদানিতে বিধি-নিষেধ চায় না সে দেশের প্রশাসন। ঠিক হয়েছে, আইনি পথে ভারতীয় চলচ্চিত্র আমদানি হওয়ার পরেই সরকারি কমিটির বৈঠকে তার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পরে আলোচনা করে এই ব্যবস্থা কী ভাবে সরলীকরণ করা যায়, সেই ব্যাপারে পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার।

এখনকার নিয়ম অনুযায়ী, উপমহাদেশের চলচ্চিত্র আমদানি করার ওপর বাংলাদেশ সরকারের নানা বিধি-নিষেধ রয়েছে। আইনি পথে ভারতীয় চলচ্চিত্র আমদানি করা ও সেন্সরের অনুমোদন পাওয়ার পরেও সেটি মুক্তি পাওয়ার জন্য সরকারি কমিটির অনুমোদন লাগে। কিন্তু লাল ফিতের বাঁধনে সেই অনুমোদন কয়েক মাসের আগে মেলে না। ফলে ভারতের চলচ্চিত্র যখন সিনেমা হলে পৌঁছয়, তার আগে টেলিভিশন ও অন্য মাধ্যমে তা দেখে ফেলেন দর্শকরা। বাংলাদেশ প্রশাসন এবার সমস্যাগুলি খতিয়ে দেখে যত তাড়াতাড়ি সম্ভব তার সমাধানে উদ্যোগী হয়েছে।