September 19, 2017 | 12:00 PM

বঙ্গবন্ধুর নামে চেয়ার হোক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি চেয়ার হোক। এমন প্রস্তাবই দিলেন উপাচার্য ড.‌ সুরঞ্জন দাস। সোমবার আইসিসিআর–এ ‘আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনাচক্রে বাংলাদেশের বিদেশ–প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এই টি ইমামের কাছে এই প্রস্তাব দেন তিনি। 

সুরঞ্জনবাবু বলেন, আলোচনা–সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের যে–কোনও একটি বিভাগে এই চেয়ার হতে পারে। প্রস্তাব গ্রহণ করে শাহরিয়ার আলম জানিয়েছেন, বিষয়টি বাংলাদেশের জন্য গর্বের। এই প্রস্তাবের কথা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে চেয়ার করার পক্ষে যুক্তিতে সুরঞ্জনবাবু বলেন, ‘সে–দেশের সঙ্গে আমাদের সাংস্কৃতিক এবং সামাজিক মিল রয়েছে। অর্থনৈতিক, সন্ত্রাস–বিরোধী, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও দ্রুত তারা এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু আবেগের নাম। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও একটি বিভাগে তাঁর নামে চেয়ার করার উদ্যোগ নিলাম।’ উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে একটি চেয়ার করার উদ্যোগ নেন সুরঞ্জনবাবু।