
আবার খুলতে চলেছে বাগড়ি মার্কেট। সেখানে নিরাপত্তার খাতিরে ব্যবসায়ীদের ১১টি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে দমকল বিভাগ। ৭ দিনের মধ্যে ব্যবসায়ীরা এই বিষয়ে লিখিতভাবে জানাবেন। তারপর সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবসা চালুর অনুমতি দিতে হয়তো আরও দিন সাতেক লাগতে পারে। সব মিলিয়ে, আগামী ১৫ দিনের মধ্যেই ফের ব্যবসা শুরু হবে সেখানে।
গত বছর সেপ্টেম্বরের এক ভোর রাতে মহানগরের অন্যতম পুরোনো এই বাজারে আগুন লেগেছিল। আগুন নেভাতে লেগেছিল প্রায় চার দিন। একটি ব্লক পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল। তখন থেকেই ব্যবসা বন্ধ রয়েছে সেখানে। বুধবার বাজারটি ঘুরে এবং সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, গোটা বাজারটি ‘এ’ থেকে ‘এইচ’ পর্যন্ত ব্লকে ভাগ করা। ‘এ’ ব্লকে আগুন লেগেছিল। সেখানে এখন ব্যবসা চালু করার পরিস্থিতি নেই। বাকি ‘বি’ থেকে ‘এইচ’ ব্লকে দিন ১৫-র মধ্যেই ব্যবসা শুরু হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘এ’ ব্লকটি চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে পুরসভা।