November 16, 2019 | 12:00 PM

সেরা পরিচালক ইন্দ্রাশিস আচার্য, আন্তর্জাতিক বিভাগে সেরা ছবি ‘দ্য উইপিং উওম্যান’

স্বমেজাজেই শেষ হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নজরুল মঞ্চে সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাবানা আজমি। ছিলেন টলিউডের একঝাঁক তারকাও। এদিনই গোল্ডেন রয়াল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড প্রাপকদের নামও ঘোষণা করা হয়। সেই পুরস্কার তালিকায় সমাপতিত গোটা বিশ্ব। প্রাপ্তির ঝুলি শূন্য নয় বাংলারও।

এবারের চলচ্চিত্র উৎসবে ভারতীয় ভাষার সেরা ছবি হিসেবে হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড জিতে নিয়েছে অনন্ত মহাদেবনের ‘মাই ঘাট ক্রাইম নাম্বার: ১০৩-২০০৫’। একজন নিরাপরাধ ছেলেকে ‘চোর’ তকমা দিয়ে কাস্টডিতে পিটিয়ে মেরে ফেলার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দুই পুলিশকর্মীকে। যার অন্তরালে ছিল একজন মায়ের দীর্ঘ লড়াই। সেই গল্পই সেলুলয়েডে বুনেছেন অনন্ত মহাদেবন। এই বিভাগেই ‘পার্সেল’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন ইন্দ্রাশিস আচার্য। ‘পার্সেল’ ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়। ভারতীয় ভাষার ছবি হিসেবে স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে গীতা জে পরিচালিত ‘রান কল্যাণী’। নেটপ্যাক বিভাগে সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিয়েছে আদিত্য কৃপালনির ছবি ‘দ্য গডেস অ্যান্ড দ্য হিরো’। অন্যান্য বিভাগে কোন কোন ছবি সেরার শিরোপা পেল চোখ বুলিয়ে নেওয়া যাক।
•    ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগের সেরা ছবি: ‘দ্য উইপিং উওম্যান’, পরিচালনায় জায়রো বুস্তামান্তে
•    ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগের সেরা পরিচাল: ভ্যাসলভ মারুল, ‘দ্য পেইন্টেড বার্ড’ ছবির জন্য।
•    ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড: পরিচালক লেন্ডিটা জেসিরাইয়ের ‘আগা’জ হাউস’। 

•    বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম: ‘সামার র্যা পসডি’, পরিচালক শ্রাবণ কেতেকানেনি
•    বেস্ট ইন্ডিয়ান ডকুমেন্টরি: ‘অ্যাব্রিডগেড’, পরিচালক গৌরব পুরী