November 28, 2020 | 12:00 PM

বাইডেনের ক্যাবিনেটে থাকতে চলেছেন অরুণ মজুমদার

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের মন্ত্রীসভায় কমলা হ্যারিস ছাড়াও থাকতে চলেছেন দুই ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের মধ্যে একজন বাঙালি।

২০ জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন জো বাইডেন। উপরাষ্ট্রপতির দায়িত্ব নিতে চলেছেন কমলা হ্যারিস। আমেরিকার দুই জনপ্রিয় দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’ এবং ‘পলিটিকো’ জানিয়েছে, বাইডেন-হ্যারিস তাঁদের ক্যাবিনেটে দুই ভারতীয় বংশোদ্ভূতকে রাখতে চলেছেন। বিবেক মূর্তি পেতে পারেন স্বাস্থ্য ও মানবকল্যাণ সচিবের পদ। অরুণাভ মজুমদারকে শক্তি সচিবের দায়িত্ব দিতে চাইছেন বাইডেন এবং হ্যারিস। মার্কিন প্রশাসনে সচিবরা ভারতীয় শাসনব্যবস্থার মন্ত্রীদের সমতুল্য।

অরুণাভ মজুমদারের জন্ম কলকাতায়। আইআইটি বম্বে থেকে স্নাতক হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমেরিকায় গিয়ে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলেতে পিএইচডি করেন। পরিচিতরা তাঁকে ‘অরুণ’ মজুমদার বলেই ডেকে থাকেন। আগে তিনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়ায় শিক্ষকতা করেছেন। ২০০৯ সালে তখনকার মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা সেনেটের অনুমোদন নিয়ে তাঁকে অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্ট এজেন্সি-এনার্জি (এআরপিএ-ই)-র প্রতিষ্ঠাতা অধিকর্তা মনোনীত করেন। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে জে প্রিকোর্ট প্রোভোস্টিয়াল চেয়ার প্রফেসর। সেই বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেটিরিয়াল সায়েন্স পড়ান। প্রিকোর্ট ইনস্টিটিউট অফ এনার্জির সহ-অধিকর্তার দায়িত্ব পালন করছেন। আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের মতো কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত।

বাইডেনের মন্ত্রীসভায় অরুণাভ মজুমদার যে দপ্তর পেতে চলেছেন, তা খুবই গুরুত্বপূর্ণ। তবে মার্কিন ক্যাবিনেটে নিযুক্ত হতে গেলে সেনেটের অনুমোদন দরকার। অরুণাভ শেষ পর্যন্ত শক্তি সচিবের পদ লাভ করেন কিনা, তা সময়ই বলবে।