
আজ সোমবার। অফিস বা স্কুল-কলেজ যাওয়ার দিন। যদি দেখেন বন্ধু-বান্ধব থেকে শুরু করে পরিবার, সহকর্মীরা হঠাৎ একটু অন্যরকম ব্যবহার করছে এবং তাতে বেশ খানিকটা রহস্যের ছোঁয়া, আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ আজ এপ্রিল ফুল দিবস। আপনাকে বোকা বানানোর দিন। বিশ্ব জুড়ে সকলেই নিজের কাছের মানুষের সঙ্গে একটু মজা করে তাকে বোকা বানিয়ে হো হো করে হাসেন অনেকক্ষণ ধরে। আজকের দিনের বিশেষত্ব এটাই।
ইরানে পার্সি ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষের ১৩তম দিনে আনন্দ মজা করা হয়। ঐতিহাসিকদের মতে, ১৫৬৪ সালে ফ্রান্সে নতুন ক্যালেন্ডার চালু করাকে কেন্দ্র করে এপ্রিল ফুল দিবসের সূচনা হয়। ঐ ক্যালেন্ডারে ১ এপ্রিলের পরিবর্তে ১ জানুয়ারিকে নতুন বছরের প্রথম দিন হিসেবে গণনার সিদ্ধান্ত নেওয়া হলে কিছু লোক তার বিরোধিতা করে। যারা পুরোনো ক্যালেন্ডার অনুযায়ী ১ এপ্রিলকেই নববর্ষের ১ম দিন ধরে দিন গণনা করে আসছিল, তাদের প্রতি বছর ১লা এপ্রিলে বোকা উপাধি দেওয়া হতো। ফ্রান্সে পয়সন দ্য আভ্রিল (Poisson d’avril) পালিত হয়। এর সঙ্গে রয়েছে মাছের সম্পর্ক। এপ্রিলের শুরুর দিকে ডিম ফুটে মাছের বাচ্চা হয়। এই শিশু মাছগুলোকে সহজে বোকা বানিয়ে ধরা যায়। সেজন্য তারা ১ এপ্রিল পালন করে পয়সন দ্য এভ্রিল অর্থাৎ এপ্রিলের মাছ। সে দিন বাচ্চারা অন্য বাচ্চাদের পিঠে কাগজের মাছ ঝুলিয়ে দেয় তাদের অজান্তে। যখন অন্যরা দেখে তখন চিৎকার করে বলে ওঠে, পয়সন দ্য আভ্রিল। এই ইতিহাস সবটাই এক একজনের মত। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম নানা মতো পার্থক্য রয়েছে।

লন্ডন শহরের টাওয়ার অফ লন্ডনে অনুষ্ঠিতব্য ‘লায়ন্স ওয়াশিং’ নামে ১৮৫৭ সালের একটি অনুষ্ঠানের টিকিট রয়েছে। যে অনুষ্ঠানটি আসলে কাল্পনিক ছিল। এখনকার রাজনৈতিক পালাবদল আর যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির সময় হাসি ঠাট্টা করতে যদি এমন দিন বেছে নেওয়া হয়, তবে মন্দ কী! এপ্রিল ফুল দিবস পালিত হচ্ছে ভারত সহ সারা বিশ্বে।