
মিরিকে পর্যটকদের মূল আকর্ষণ সুমেন্দু লেক। পাহাড় কোলে উন্মুক্ত প্রকৃতির বুকে নৌকোয় ভ্রমণ আর রঙিন মাছ দেখতে নানা দেশ থেকে বহু মানুষ মিরিকে আসেন। এবার পর্যটকদের আরও বেশি মুগ্ধ করতে মিরিকে চালু হল অভিনব এক অ্যাকোয়ারিয়াম হাউজ।
রাজ্য সরকারের মৎস্য দপ্তর এবং জিটিএ-র উদ্যোগে দার্জিলিং-এর মিরিকে উত্তরবঙ্গের সমস্ত পাহাড়ের মধ্যে প্রথম অ্যাকোয়ারিয়াম হাউজ গড়ে উঠেছে। ইতিমধ্যেই দর্শকদের জন্য সেটি খুলে দেওয়া হয়েছে। আপাতত সেখানে রয়েছে ৪০টি প্রজাতির মাছ। স্টার ফিস, গোল্ড ফিস, কার্পের মতো সামুদ্রিক মাছ যেমন রয়েছে, তেমনি আছে বোরোলির মতো দেশি মাছে। গোটা হাউজে রয়েছে ৩৬টি আলাদা কাচের চেম্বার।
নতুন অ্যাকোয়ারিয়াম হাউজ গড়ে তোলার সঙ্গে সঙ্গে গোটা মিরিকের সৌন্দর্যায়নেও নতুন করে পদক্ষেপ গ্রহণ করছে জিটিএ এবং পুরনিগম। সুমেন্দু লেক এবং তার চারপাশকে সাজানো হচ্ছে নতুনভাবে।