
ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হলেই সেখানে অ্যাপভিত্তিক মোবাইল টিকিট ব্যবস্থা চালু হবে। কলকাতা মেট্রো পরিষেবায় ‘মোবাইল টিকেটিং সিস্টেম’-এর প্রথমবার ব্যবহার হবে সেখানে। পাশাপাশি যাত্রীরা স্মার্ট কার্ডের সুবিধেও পাবেন।
ইতিমধ্যেই মোবাইল ফোনে টিকিট কাটার ব্যবস্থা ভারতীয় রেলের পূর্ব, দক্ষিণ-পূর্ব সহ বিভিন্ন জোনে চালু হয়েছে। এবার কলকাতা মেট্রোতেও সেই পরিষেবা পাওয়া যাবে। ‘মোবাইল টিকেটিং সিস্টেম’-এ ভাড়া মেটাতে গেলে যাত্রীকে একটা নতুন অ্যাপ ডাউনলোড করতে হবে। তার গেটওয়েতে টিকিটের দাম দিলে তৈরি হয়ে যাবে একটি কিউআর কোড। মেট্রো প্ল্যাটফর্মে ঢোকার মুখে ফ্ল্যাপ গেটে সেই কোড স্ক্যান করালেই দরজা খুলে যাবে। একই পদ্ধতিতে যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে বেরোতে পারবেন। এই পরিষেবা চালু হলে টিকিট কাউন্টারের সামনে ভিড় অনেকটাই কমবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।