
দিন কয়েকের মধ্যেই সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন নতুন ৪ বিচারপতি। তার মধ্যে রয়েছেন বাঙালি বিচারপতি অনিরুদ্ধ বসু। তিনি বর্তমানে ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন। বুধবার মাননীয় রাষ্ট্রপতির জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টে নতুন যোগ দেওয়া বাকি ৩ বিচারপতি হলেন বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভি এবং বিচারপতি সূর্যকান্ত। গত ১২ এপ্রিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই ৪ বিচারপতির নাম সুপারিশ করলেও বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি এ এস বোপান্নার নামে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় আইন মন্ত্রক। তবে সেই আপত্তি খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের কলেজিয়াম। অবশেষে কেন্দ্রীয় আইন মন্ত্রক সেই ৪ বিচারপতির নাম অনুমোদন করে। এই ৪ বিচারপতি দায়িত্বভার গ্রহণ করলে ৫ বছর পর আবার সুপ্রিম কোর্টের সব বিচারপতির পদ পূর্ণ হবে।