
মে মাসের শেষ কিংবা জুন মাসের শুরুতে আলিপুর চিড়িয়াখানায় আসতে চলেছে অ্যানাকোন্ডা। এই সাপ আসবে বলে ঠিক হয়েছিল বছর দুয়েক আগে। তারপর বেশ কয়েকটি কারণে আসা পিছিয়ে যায়। আমাজনের সেই ভয়াল প্রাণী এবার নিশ্চিতভাবেই আসবে বলে দাবি করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
বিদেশের চিড়িয়াখানা কিংবা তিরুবনন্তপুরম ও মাইসুরুর চিড়িয়াখানাতেও দর্শকরা গিয়ে অ্যানাকোন্ডার দেখা পান। এবার কলকাতাতেই সুযোগ মিলবে এই ভয়াল প্রাণীটিকে চাক্ষুস করার। আলিপুর চিড়িয়াখানায় অ্যানাকোন্ডার ঘর তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। মে মাসের শেষ সপ্তাহ না হলেও জুনের শুরুতেই চেন্নাই থেকে এই সরীসৃপকে কলকাতায় আনা হবে।
অ্যামাজন অববাহিকার এই সাপটিকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। অ্যানাকোন্ডার শিকার ধরার পদ্ধতি অন্যান্য সাপের মতো নয়। এরা শিকারকে ছোবল দেয় না। তবে, ছোবল দেয়ার জন্য বড়ো দাঁত রয়েছে এদের। এই প্রাণী তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। এরপর আস্তে আস্তে পুরো শরীরটাই গিলে নেয়।