June 21, 2017 | 12:00 PM

মোদি সরকারের ৩ বছরে বিপুল সরকারি অর্থ ব্যয়

নরেন্দ্র মোদী সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে বিপুল পরিমাণে সরকারি অর্থ খরচ করা হল। মোদীর নিজের রাজ্য গুজরাটে এই উপলক্ষে আয়োজন করা হয় মোট ৩০ অনুষ্ঠানের। ৯টি রাষ্ট্রায়ত্ত সংস্থা এই সব অনুষ্ঠানের জন্য খরচ করেছে মোট ১৫ কোটি টাকা। এই সব রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি একেকটি অনুষ্ঠানের জন্য কয়েকটি ক্ষেত্রে ৫০ লক্ষ টাকাও খরচ করছে বলে ইতিমধ্যেই কয়েকটি সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। এই সব সংস্থার শীর্ষকর্তারা জানিয়েছেন, গত ২৬ মে থেকে এই সব অনুষ্ঠান শুরু হয়েছিল, শেষ হয়েছে গত ১৮ জুন। কী হয়েছে এই বিপুল অর্থে? কোথাও ভিডিও হয়েছে, ‘সবকা সাথ সবকা বিকাশ’ প্রচারে, কোথাও হয়েছে স্মারক গ্রন্থ। হয়েছে সংস্থার স্টল, বিজ্ঞাপন ইত্যাদি। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়ছে, এই সব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাদের পক্ষে উন্নতমানের জনসংযোগ গড়ে তোলা সম্ভব হয়েছে।