
অবশেষে সিনেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এবার ২৫ বছরে পা দিল তিলোত্তমার এই প্রাণের উৎসব।
তনুশ্রীশঙ্করের পরিচালনায় ‘আনন্দ উৎসব’ নৃত্যনাট্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হল। প্রদীপ জ্বালিয়ে এবারের চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন শাহরুখ খান এবং রাখী গুলজার।

কিং খানকে ঘিরে আজ শহরে উত্তেজনা তুঙ্গে। বহুদিন পর রাখী কলকাতায় পা রাখলেন। তাঁর অভিনীত ‘নির্বাণ’ ছবিটি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে। অস্কারজয়ী জার্মান পরিচালক ফোলকার শ্লোয়েনডর্ফ, স্লোভাক পরিচালক ডুসান হানাক, মার্কিন অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল রয়েছেন মঞ্চ আলো করে। এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টলিউডের নক্ষত্ররাও উপস্থিত। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে প্রদর্শিত হবে ‘50 years Celebration – Restored Classics’ বিভাগের প্রথম ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’।
এবারের চলচ্চিত্র উৎসবের থিম মিউজিক নির্মাণ করেছেন বিক্রম ঘোষ। গোটা উৎসব জুড়ে ৭৬টি দেশের ৩৬৬টি সিনেমা দেখানো হবে ১৭টি সিনেমা হলে।