July 12, 2017 | 12:00 PM

১৪ জুলাই থেকে শুরু বনমহোৎসব

১৪ জুলাই পশ্চিমবঙ্গ জুড়ে পালন করা হবে বন মহোৎসব। এই উৎসব চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। বনমন্ত্রী বিনয় বর্মণ জানান, এই বন মহোৎসবে রাজ্যজুড়ে ৫০ লক্ষ গাছ লাগানো হবে। যার মধ্যে থাকছে ফল-ফুল সহ বিভিন্ন প্রজাতির গাছই। এই বছরের মধ্যেই, রাজ্যে তিন কোটি গাছ লাগানো তাঁদের লক্ষ্য, জানান বিনয়বাবু। এছাড়াও, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রের যাদের জায়গা আছে, বনদপ্তরের কাছে আবেদন জানাতে পারেন গাছ লাগানোর জন্য।

প্রত্যেক বিধায়ককে ১ হাজার করে গাছের চারা দেওয়া হচ্ছে। প্রতি চারার দাম দু-টাকা। ১৪ থেকে ২০ জুলাই, বনজ দ্রব্যের ওপর ছাড় দেওয়া হবে ১০%। যাঁরা ভাল গাছ লাগাবেন এবং পরিচর্যা করবেন তাঁদের পুরস্কৃত করবে পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগম। প্রথম পুরস্কার ১ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার। তৃতীয় পুরস্কার ৫০ হাজার। সঙ্গে দেওয়া হবে একটি স্মারকও।

উল্লেখ্য, বনমহোৎসবের স্লোগান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সবুজ বাংলা, বিশ্ব বাংলা। মায়ের হাতে চারা গাছ, পথ দেখাবে বাংলা আজ।’ – এই স্লোগানই এখন মূলমন্ত্র উৎসবের।